
Description
চৌরাশিলক্ষ যোনি ভ্রমণ করিতে করিতে ভাগ্যবশে এই মনুষ্যদেহ লাভ করিয়া, পূর্ব সুকৃতিফলে মহতের সঙ্গপ্রভাবে শ্রীহরির প্রতি আকৃষ্ট হইয়া জীবের স্বরূপোপলব্ধির সুযোগ উপস্থিত হয়। তখন তিনি ভগবৎ- আরাধনাই জীবনের প্রধান কর্তব্য বলিয়া সদ্গুরুর চরণাশ্রয় করেন।
সদ্গুরু-পদাশ্রয় ব্যতীত পরমার্থ শিক্ষামন্দিরে প্রবেশ করা যায় না। মনীষা প্রভাবে মানব ইহজগতের কোন কোন বিষয়ে জ্ঞান শিক্ষকের সহায়তা ব্যতীত লাভ করিতে পারেন সত্য, কিন্তু যেরূপ সূর্যালোক ব্যতীত সূর্য্য দর্শন সম্ভবপর নহে তদ্রুপ অপ্রাকৃত বৈকুণ্ঠস্থ শ্রীভগবান বা তাহার কৃপাসমৃদ্ধজনের করুণা ব্যতীত শ্রীভগবৎ-সূর্য্য দর্শনের সৌভাগ্য লাভ হয় না। সূর্য্যলোক হইতে যেমন সূর্যালোক ইহজগতে অবতীর্ণ হয়, তদ্রূপ অপ্রাকৃত ভগবৎধাম হইতে বিজ্ঞান, রহস্য ও তদঙ্গ যুক্ত পরম গুহ্য অপ্রাকৃত জ্ঞানালোক প্রপঞ্চে অবতীর্ণ হইয়া থাকেন।
যাঁহার মধ্য দিয়া এই অপ্রাকৃত আলোক অবতীর্ণ হন, তিনি শ্রীগুরুদেব। তিনি এত কৃপাময় যে, মুক্তকুল শিরোমণি হইয়াও জীবোদ্ধারের জন্য ইহ-জগতে আগমন করিয়া স্বয়ং সাধকের বেশ ধারণ করেন এবং সাধন দ্বারা কি প্রকারে নিত্য ভগবৎ সেবা করিতে হয় তাহা স্বয়ং আচরণ করিয়া শিষ্যগণকে শিক্ষা দেন। ঈদৃশ শ্রীগুরুপাদপদ্ম হইতে [দিব্য বা অপ্রাকৃত জ্ঞানলাভই 'দীক্ষা'। দীক্ষার ফলে পাপ, পাপবীজ, অবিদ্যা সম্পূর্ণরূপে ধ্বংস হয়।
